
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উদযাপন নির্বিঘ্ন করতে সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৭ দিনের ছুটির ঘোষণা দিয়েছে সরকার। বুধবার (৭ মে ২০২৬) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট সাত দিন ঈদের ছুটি থাকবে। তবে এই দীর্ঘ ছুটির সমন্বয় করতে ঈদের আগের সাপ্তাহিক ছুটি অর্থাৎ ২৩ মে (শনিবার) অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ সেদিন সাপ্তাহিক ছুটি বাতিল করে সাধারণ কর্মদিবস হিসেবে গণ্য করা হবে।
একই বৈঠকে জনস্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার মানোন্নয়নে ‘জাতীয় গণশৌচাগার নীতিমালা ২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই নীতিমালার মূল দিকগুলো হলো: নারী, শিশু, প্রতিবন্ধী, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব শৌচাগার নিশ্চিত করা। বর্জ্য সংরক্ষণের জন্য সেপটিক ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক। কোনোভাবেই বর্জ্য নদী বা জলাশয়ে ফেলে পানি দূষণ করা যাবে না। শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন বিষয়ে সচেতনতা বাড়াতে শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে। প্রতিটি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক শৌচাগার নির্মাণ বাধ্যতামূলক করা হবে।
সচিবালয় সূত্র জানায়, সাধারণ মানুষের ঈদ যাত্রা সহজ করতে এবং রাজধানী থেকে বিপুল সংখ্যক মানুষের গ্রামে ফেরা ও ফিরে আসা নির্বিঘ্ন করতেই মন্ত্রিসভা এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দ্রুতই এই সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।