
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র কুরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্ট করে বলেছেন, “চাঁদাবাজির কোনো ঘটনা বা অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (৬ মে ২০২৬) সকালে রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাট সরজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে কুরবানির পশু ঢাকা ও অন্যান্য বড় শহরে আনা-নেওয়ার সময় মহাসড়কে যেন কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা না ঘটে, সে বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে থাকবে। পশুর হাটের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে মন্ত্রণালয়ের মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত আছে।
প্রধান সড়কে হাটের সীমানা উপচে পড়ার এক প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, “কখনও কখনও কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে। যেমন—গাবতলী হাটে হয়তো আমাদের টার্গেট এক লাখ গরু আসবে। কিন্তু কোনো কারণে যদি এক লাখ ৩০ হাজার গরু চলে আসে, তখন একটু সমস্যা হয়। কারণ, যারা গরু কেনা-বেচা করেন, তারা আমাদের আগে থেকে জানান না যে কত গরু নিয়ে আসবেন। তবে এবার আমাদের সব ধরনের প্রস্তুতি থাকবে। ঈদের দুই-একদিন আগে আমাদের মনিটরিং টিম আবারও হাট পরিদর্শনে আসবে এবং ব্যবস্থাপনা সঠিক আছে কিনা তা যাচাই করবে।”
হাটের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নেওয়া বিশেষ ব্যবস্থার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকের নেতৃত্বে খুব দ্রুতই একটি চূড়ান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হবে, যেখানে আরও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে। হাটগুলোর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করবেন। এর বাইরে ইজারাদারদের নিজস্ব ভলেন্টিয়ার (স্বেচ্ছাসেবক) দল থাকবে, যারা সার্বিক হাট ব্যবস্থাপনায় প্রশাসনকে সহযোগিতা করবে।
তিনি আরও জানান, বিভিন্ন মহল থেকে পাওয়া গুরুত্বপূর্ণ সুপারিশগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে হাট এলাকায় উচুঁ ওয়াচটাওয়ার স্থাপন করা হবে এবং জাল টাকা চেনার জন্য ব্যাংকিং বুথ ও বিশেষ শনাক্তকরণ যন্ত্রের ব্যবস্থা রাখা হবে।