
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ সোমবার (৪ মে ২০২৬) সকাল ৮টা ৪৭ মিনিটে তাঁর মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি গবেষণারত লিমন গত ১৬ এপ্রিল নিখোঁজ হন। তাঁর নিখোঁজ হওয়ার ১০ দিন পর ফ্লোরিডার পুলিশ লিমনের মরদেহ উদ্ধার করে। একই সময়ে নিখোঁজ হন তাঁর বান্ধবী নাহিদা সুলতানা বৃষ্টি, যাঁর খণ্ডিত মরদেহ পরবর্তীকালে গত ২৬ এপ্রিল উদ্ধার করা হয়।
এই জোড়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের নথি অনুযায়ী, লিমনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘাতক হিশামের বিরুদ্ধে ‘ফার্স্ট ডিগ্রি’ মার্ডারের অভিযোগ আনা হয়েছে এবং তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
দেশে পাঠানোর আগে গত বৃহস্পতিবার ফ্লোরিডার টাম্পা বে এলাকার ইসলামি সোসাইটিতে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে লিমনের সহপাঠী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে গত শনিবার রাতে এমিরেটসের একটি ফ্লাইটে তাঁর মরদেহ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল।
লিমনের অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বৃষ্টির মরদেহ শনাক্তকরণের প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁর অবশিষ্টাংশও দেশে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।
জান্নাত/সকালবেলা