প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2026 ইং
বিশ্ব গণমাধ্যম দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার (৩ মে) বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। তবে দিবসটি এমন এক সময়ে পালিত হচ্ছে যখন বৈশ্বিকভাবে গণমাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় আরও তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ।
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম’ দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী সাংবাদিকতার স্বাধীনতার মৌলিক নীতিমালা অনুসরণ, গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন এবং স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নিয়ে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে আজ রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরবর্তীতে তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে দিবসটির প্রাক্কালে গত ৩০ এপ্রিল বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ২০২৬ সালের সংবাদপত্রের স্বাধীনতা সূচক প্রকাশ করেছে। প্রকাশিত সূচক অনুযায়ী, ১৮০টি দেশের মধ্যে ৩৩.৫ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান এবার ১৫২তম। গত ২০২৫ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৯তম। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাংলাদেশ ৩ ধাপ পিছিয়েছে। আরএসএফ তাদের প্রতিবেদনে বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতিকে ‘গুরুতর’ হিসেবে চিহ্নিত করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশের মূলধারার গণমাধ্যমে প্রবেশাধিকার সীমিত থাকলেও তথ্য প্রচারে ইন্টারনেটের ভূমিকা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এবারের সূচকে ভারতের অবস্থান ১৫৭তম, যা গত বছরের তুলনায় ৬ ধাপ নিচে। অন্যদিকে ৫ ধাপ এগিয়ে পাকিস্তান ১৫৩তম অবস্থানে উঠে এসেছে। এছাড়া শ্রীলঙ্কা ১৩৪তম, মালদ্বীপ ১০৮তম, ভুটান ১৫০তম এবং নেপাল ৮৭তম অবস্থানে রয়েছে। বৈশ্বিক তালিকায় ৯২.৭২ স্কোর নিয়ে বরাবরের মতো শীর্ষে অবস্থান করছে নরওয়ে। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে নেদারল্যান্ডস ও এস্তোনিয়া। বিপরীতে সূচকের তলানিতে ১৮০তম অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ ইরিত্রিয়া। এছাড়া উত্তর কোরিয়া ১৭৯তম, চীন ১৭৮তম, ইরান ১৭৭তম এবং সৌদি আরব ১৭৬তম অবস্থানে রয়েছে। আরএসএফ মূলত রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি কাঠামো, অর্থনৈতিক বাস্তবতা, সামাজিক প্রেক্ষাপট এবং সাংবাদিকদের নিরাপত্তার মতো পাঁচটি প্রধান সূচকের ভিত্তিতে এই মানদণ্ড নিরূপণ করে থাকে।
এম.এম/সকালবেলা
স্বত্ব © সকালবেলা