
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহীতে মদপান করে অসুস্থ হয়ে জাহিদ হাসান অলি (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বুধবার (২৯ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত জাহিদ হাসান রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর গ্রামের বাসিন্দা। তিনি পড়াশোনার সুবাদে নগরীর বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকায় বন্ধুদের সঙ্গে একটি বাসায় থাকতেন। পুলিশ জানায়, গত দুই দিন আগে শখের বশে বন্ধুদের সঙ্গে তিনি মদপান করেছিলেন। এরপর থেকেই শারীরিক অসুস্থতা অনুভব করলেও পরিবারের কাছে জানাজানি হওয়ার ভয়ে তিনি বিষয়টি গোপন রাখেন এবং হাসপাতালে যাননি।
বুধবার ভোরে জাহিদের শারীরিক অবস্থার চরম অবনতি হলে বন্ধুরা তাঁকে দ্রুত রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুসনদে অ্যালকোহলজনিত বিষক্রিয়াকেই মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।
এ.আই.এল/সকালবেলা