চলচ্চিত্র জাতির সংস্কৃতি ও ইতিহাসের প্রতিচ্ছবি: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ণ
চলচ্চিত্র জাতির সংস্কৃতি ও ইতিহাসের প্রতিচ্ছবি: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চলচ্চিত্রকে একটি জাতির সংস্কৃতি, ইতিহাস ও সমাজজীবনের প্রতিচ্ছবি হিসেবে আখ্যায়িত করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের অডিওভিজ্যুয়াল ঐতিহ্য সংরক্ষণে এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে।

আজ রোববার (১৭ মে) বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে দিনটিতে আলোচনা অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, "বর্তমান সরকার দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে অত্যন্ত আন্তরিক। চলচ্চিত্র সংরক্ষণ, ডিজিটালাইজেশন এবং গবেষণাভিত্তিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করে যাচ্ছে।" ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের চলচ্চিত্রের সঠিক ইতিহাস ও সংস্কৃতি পৌঁছে দিতে তিনি ফিল্ম আর্কাইভকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং সচিব মাহবুবা ফারজানা।

অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, গবেষক ও সংস্কৃতিসেবীরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গত চার দশকের কাজের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।