সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী-শ্যালক রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় ককটেল বিস্ফোরণের মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানাকে পাঁচ দিন এবং তাঁর দুই শ্যালককে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
আজ রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন মনিরুল ইসলামের শ্যালক রেজাউল আলম শাহিন (৫৩) ও বুলবুল মিয়া মামুন (৪৬)।
এর আগে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা গোয়েন্দা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পরিদর্শক গোলাম মর্তুজা। আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালাতেন। পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে লোকজন সংঘবদ্ধ করা ও অর্থের জোগান দিতেন বলে প্রাথমিক তদন্তে তথ্য মিলেছে। এমনকি ঘটনার দিনও তাঁরা অন্য আসামিদের একত্রিত করে নাশকতার ষড়যন্ত্র করেছিলেন।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত অন্যদের নাম ও ঠিকানা প্রকাশ করেছেন। তদন্ত শেষ হওয়ার আগে তাঁরা জামিনে মুক্তি পেলে পুনরায় নাশকতায় জড়ানো, অন্যদের অপরাধে প্ররোচিত করা এবং বিস্ফোরক ব্যবহার করে জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কা রয়েছে। এ ছাড়া আসামি রেজাউল আলম শাহিনের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার এবং নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের উৎস উদ্ঘাটনে তাঁদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ও তাসলিমা জাহান পপিসহ অন্যরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শেষে আদালত বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, আজ রোববার ভোরে সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে মিরপুর ডিওএইচএস থেকে এবং তাঁর দুই ভাই রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়া মামুনকে মিরপুর ১৫ নম্বরের বিজয় রাকিন সিটি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর রাত ১টা ৮ মিনিটের দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী কয়েকটি মোটরসাইকেলে করে বিমানবন্দর ফ্লাইওভার পার হওয়ার সময় গোলচত্বরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটগোয়িং লেনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এতে চারজন আহত হন এবং ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের টিনের কৌটা, লোহার স্প্রিন্টার ও স্কচটেপের টুকরো জব্দ করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন।
এআইএল/সকালবেলা