হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হয়ে বিশ্বের কাছে টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ও কৌশলগত নৌপথ হরমুজ প্রণালির সার্বিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই দায়িত্ব পালনের বিনিময়ে প্রণালিটি ব্যবহারকারী অন্যান্য দেশের কাছ থেকে মোটা অঙ্কের টোল আদায় করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
আজ সোমবার (১৩ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এই বিস্ফোরক মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালির সুরক্ষার দায়িত্ব আমরাই নেব, এমনকি সম্ভবত এর পরিচালনাও করবে যুক্তরাষ্ট্র। আমরা এই নৌপথের প্রধান অভিভাবক হয়ে উঠব। তবে এর বিনিময়ে আমাদের মোটা অঙ্কের অর্থ পরিশোধ করতে হবে। আর সেই অর্থের পরিমাণ হবে অনেক বেশি।”
তিনি আরও দাবি করেন, বিশ্বের ধনী দেশগুলো যেহেতু যুক্তরাষ্ট্রের মিত্র বা অংশীদার, তাই বৈশ্বিক জ্বালানি পথ সচল রাখার এই বিশাল ব্যয়ভার তাদেরই বহন করা উচিত। কোনো রাষ্ট্রকে যুক্তরাষ্ট্র আর বিনা মূল্যে বা নিজ খরচে এই নিরাপত্তা দেবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।
বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের সিংহভাগ এই হরমুজ প্রণালি হয়ে পরিবাহিত হয়। তবে সাম্প্রতিক সময়ে এই নৌপথকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ইরান প্রণালিটি কার্যত অবরুদ্ধ বা বন্ধ করে দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে, যা বৈশ্বিক মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
ইরানের ওপর ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প অভিযোগ করেন, তেহরানের সঙ্গে অতীতে ওয়াশিংটনের একাধিক সমঝোতা হয়েছিল, কিন্তু ইরান প্রতিবারই তা লঙ্ঘন করেছে। তিনি বলেন, “আমরা বহুবার ওদের সাথে চুক্তি করেছি, কিন্তু তারা কোনো প্রতিশ্রুতির মর্যাদা দেয়নি। এবার আমরা আর ছাড় দেব না, অত্যন্ত কঠোর জবাব দেব।”
অন্যদিকে, ট্রাম্পের এই হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের এলিট ফোর্স ‘ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী’ (আইআরজিসি)। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক ও স্বাভাবিক নৌ চলাচল পুনরায় সচল করতে হলে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল থেকে সামরিক উসকানি ও হস্তক্ষেপ পুরোপুরি বন্ধ করতে হবে। অন্যথায় বৈশ্বিক তেল ও গ্যাস খাতে আরও বড় ধরনের বিপর্যয় এবং নজিরবিহীন সংকট সৃষ্টি হতে পারে বলে ওয়াশিংটনকে সতর্ক করেছে তেহরান।
এআইএল/সকালবেলা
|