এফডিসিতে এবারও কোরবানি দিচ্ছেন না পরীমনি
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) কর্মরত অসচ্ছল সহশিল্পীদের মুখে হাসি ফোটাতে দীর্ঘদিন ধরে কোরবানির আয়োজন করে আসছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। তবে গত কয়েক বছরের মতো এবারও এফডিসির সেই চেনা আয়োজনে থাকছেন না তিনি।
চলতি বছর এফডিসিতে কোরবানি দিচ্ছেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই ঢালিউড তারকা। তবে নিজে উপস্থিত না থাকলেও সহশিল্পীদের ঈদ যেন উৎসবমুখর ও আনন্দময় হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
পরীমনি গণমাধ্যমকে বলেন, “আমি চাই এফডিসিতেও কোরবানিটা হোক। ২০১৬ সাল থেকে নিয়মিত এফডিসির অসচ্ছল সহশিল্পীদের সঙ্গে কোরবানি দিয়ে আসছিলাম। এবার নিয়ে হয়তো চার বছর হয়ে গেল আমি এফডিসিতে কোরবানি দিচ্ছি না। এর পেছনে নানা কারণ রয়েছে, যা এখন সবার কাছেই পরিষ্কার। তবে আমি সবসময় চাই আমার সহশিল্পীরা যাদের অনেকেই দরিদ্র হিসেবে পরিচিত, তারাও যেন উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন। আমি সেখানে থাকি আর না থাকি, তাদের আনন্দ যেন কোনোভাবেই কম না হয়।”
এফডিসির আয়োজন থেকে দূরে থাকার এই দীর্ঘ বিরতির পর, এবার গ্রামের বাড়িতে গিয়ে নিজের পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।
স্মৃতিচারণ করে পরীমনি বলেন, “আমার নানু ভাই সবসময় চাইতেন আমি যেন গ্রামের বাড়ি গিয়ে পরিবারের সবার সঙ্গে ঈদ করি। নিজের হাতে কোরবানির মাংস সবার মাঝে বিলিয়ে দিই। কিন্তু প্রায় আট-নয় বছর শুধু এফডিসির এই আয়োজনের দায়িত্ব সামলাতে গিয়ে গ্রামের বাড়িতে ঈদ করা হয়ে ওঠেনি।”
তিনি আরও জানান, একটা সময় তার মনে হয়েছে এফডিসির এই দায়িত্বটা এখন অন্য কেউ সামলাচ্ছেন, তাই তিনি নিশ্চিন্তে নিজের দায়িত্বটি হস্তান্তর করতে পেরেছেন। এরপর থেকেই তিনি আবার গ্রামের বাড়িতে গিয়ে নিয়মিত ঈদ উদযাপন শুরু করেন।
সবশেষে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করে এই জনপ্রিয় অভিনেত্রী বলেন, “আমি জানি না কতটুকু বা কীভাবে করতে পারছি, তবে ঈদটাকে আনন্দময় করতে আমার চেষ্টা সবসময় থাকে। ঈদ তো সবার জীবনেই আনন্দ আর খুশির বার্তা নিয়ে আসে। আমি চাই সবার মুখে হাসি থাকুক, সবার অন্তরে আনন্দ থাকুক। এর বাইরে আর কোনো চাওয়া নেই আমার।”
জান্নাত সকালাবেলা
|