রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রায় ১৪৩৩ বঙ্গাব্দ বরণ
মাল্টিমিডিয়া রিপোর্টার, রাজশাহী: ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান’—এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়।
সকাল ৭টায় রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সামনে থেকে একটি বর্ণিল বৈশাখী শোভাযাত্রা শুরু হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী সাজে ব্যানার ও ফেস্টুন হাতে এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এছাড়াও পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শোভাযাত্রায় অংশ নিয়ে উৎসবের আমেজ বাড়িয়ে তোলেন।
শোভাযাত্রা শেষে শিশু একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। মেলার উদ্বোধনের পরপরই সেখানে শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। লোকজ গান আর নাচের ছন্দে নতুন বছরকে বরণ করে নেয় রাজশাহীর সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষ।
জান্নাত/সকালবেলা