জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার

জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার

জার্নাল ডেস্ক: ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া জনপ্রিয় বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন। আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তিনি মুক্তি পান। কাশিমপুর কারাগারের জেল সুপার হালিমা খাতুন গণমাধ্যমকে তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ এপ্রিল উচ্চ আদালত থেকে আবুল সরকারকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। জামিনের নথিপত্র গতকাল কারাগারে পৌঁছানোর পর আজ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। কারাফটকে এ সময় তাঁর স্বজন ও ভক্তরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরে একটি মেলায় পালাগানের আসরে ধর্ম অবমাননা ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সেই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। এরপর ১৯ নভেম্বর মাদারীপুরের একটি গানের আসর থেকে তাঁকে আটক করে ডিবি পুলিশ। পরদিন ঘিওর থানায় মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। প্রায় পাঁচ মাস কারাভোগের পর অবশেষে জামিনে মুক্ত হলেন এই শিল্পী।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন