বিমানে বোমার ভুয়া আতঙ্ক ছড়িয়ে গ্রেপ্তার আর্জেন্টাইন ডিফেন্ডার

বিমানে বোমার ভুয়া আতঙ্ক ছড়িয়ে গ্রেপ্তার আর্জেন্টাইন ডিফেন্ডার

অনলাইন ডেস্ক: মজার ছলে করা একটি কাজ যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তার প্রমাণ দিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার এমিলিয়ানো ইনদ্রেজ্জি। বিমানে বোমার ভুয়া আতঙ্ক ছড়ানোর অভিযোগে ৩২ বছর বয়সী এই ফুটবলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই একটি ‘প্র্যাঙ্ক’ বা কৌতুক কেবল তাঁকে জেলেই পাঠায়নি, বরং তাঁর ফুটবল ক্যারিয়ারকেও খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে।

আর্জেন্টাইন ক্লাব জিমনাসিয়ায় খেলা এই ডিফেন্ডার হুসুই বিমানবন্দরে বুয়েনস আইরেস গামী একটি ফ্লাইটে থাকাকালীন হঠাৎ ‘বোমা’ বলে চিৎকার করে ওঠেন। বিমানটি উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে এমন চিৎকারে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে বিমানবন্দরে সন্ত্রাসবিরোধী প্রটোকল চালু করা হয়। দ্রুত বিমানটি খালি করে বোমা নিষ্ক্রিয়করণ দল তল্লাশি চালালেও কোনো সন্দেহজনক বস্তু খুঁজে পাওয়া যায়নি। এরপরই পুলিশ রানওয়ে থেকে ইনদ্রেজ্জিকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করে।

এই ঘটনার পর ইনদ্রেজ্জির ক্লাব জিমনাসিয়া এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়ে বলেছে, তাঁর এই কাণ্ড ক্লাবের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। ক্লাব সভাপতি বিষয়টিকে গুরুতর অসদাচরণ হিসেবে উল্লেখ করে ইনদ্রেজ্জির সঙ্গে চুক্তি বাতিলের ইঙ্গিত দিয়েছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো এই ঘটনাকে ফুটবল ইতিহাসের অন্যতম ‘বোকামিপূর্ণ প্র্যাঙ্ক’ হিসেবে আখ্যায়িত করেছে। বর্তমানে ইনদ্রেজ্জির বিরুদ্ধে ভুয়া আতঙ্ক সৃষ্টি ও বিমান চলাচলে বিঘ্ন ঘটানোর মতো গুরুতর অভিযোগে আইনি প্রক্রিয়া চলছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন