ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে গত তিন মাসে হাসপাতালটিতে হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।
হাসপাতাল সূত্র জানায়, একই সময়ে নতুন করে আরও ২৫ শিশু হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
রবিবার (১৪ জুন ২০২৬) দুপুরে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো: মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মারা যাওয়া শিশুটির বয়স দুই বছর ছয় মাস। তার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। গত ৪ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাম ছাড়াও সে সেপটিসেমিয়া ও সেপটিক শকে আক্রান্ত ছিল।
বর্তমানে মমেকে ৯৬ জন শিশু হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২ হাজার ৮৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৯৪০ শিশু।
হাম রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা এ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন।
|