হামে একদিনে ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১৪৯৪
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৪৯৪ জন শিশু।
শুক্রবার (৮ মে ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত নিশ্চিত হামে ৫৮ জন এবং সন্দেহজনক হামে ২৮৫ জনসহ মোট ৩৪৩ জন শিশু প্রাণ হারিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২১২ জন এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২৮২ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭১০ জনে। এর মধ্যে ৩২ হাজার ৮৬২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজার ১৫২ জন।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের এই দ্রুত সংক্রমণ উদ্বেগজনক। সঠিক সময়ে টিকা না নেওয়া এবং উপসর্গ দেখা দেওয়ার পর হাসপাতালে নিতে দেরি করার কারণে মৃত্যুর ঝুঁকি বাড়ছে। শিশুদের তীব্র জ্বর, শরীরে লালচে দানা বা র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কর্মসূচি জোরদার এবং আক্রান্ত এলাকার শিশুদের বাড়তি পর্যবেক্ষণে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
|