হান্টাভাইরাসে কতজন আক্রান্ত, করোনা পরিস্থিতির শঙ্কা আছে
হান্টাভাইরাসের প্রাদুর্ভাবের শিকার নেদারল্যান্ডসের পতাকাবাহী প্রমোদতরী থেকে যাত্রীদের সরিয়ে নেওয়ার কাজ সোমবারের মধ্যে শেষ হতে যাচ্ছে। বর্তমানে স্পেনের তেনেরিফে দ্বীপে অবস্থানরত এই জাহাজের যাত্রীদের ফিরিয়ে নিতে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের দুটি বিশেষ উড়োজাহাজ সেখানে পৌঁছেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গত শুক্রবারের হিসাব অনুযায়ী, জাহাজটি ছেড়ে যাওয়া ৮ জন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মধ্যে ৬ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক ডাচ দম্পতি ও এক জার্মান নাগরিকের।
এদিকে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জাহাজ থেকে সরিয়ে নেওয়া ১৭ জন মার্কিন নাগরিকের মধ্যে একজনের শরীরে হান্টাভাইরাসের ‘অ্যান্ডিজ স্ট্রেইন’ শনাক্ত হয়েছে। অন্যদিকে, ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, একজন ফরাসি যাত্রীও আক্রান্ত হয়েছেন এবং তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে।
আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা এই বিলাসবহুল প্রমোদতরীতে শুরুতে ১৪৭ জন যাত্রী ও ক্রু ছিলেন। গত ৩ মে এক যাত্রীর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে প্রথম ভাইরাসের প্রাদুর্ভাবের কথা সামনে আসে। হান্টাভাইরাস সাধারণত ইঁদুরের মাধ্যমে ছড়ালেও বিরল ক্ষেত্রে মানুষ থেকে মানুষে সংক্রমিত হতে পারে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চিকিৎসা নেওয়া এক ব্রিটিশ নাগরিকের শরীরেও এই ভাইরাস পাওয়া গেছে।
স্পেন সরকার মানবিক কারণে জাহাজটিকে নোঙরের অনুমতি দেওয়ার পর যাত্রীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। ডব্লিউএইচও-এর সুপারিশ অনুযায়ী, সব যাত্রীকে ৪২ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। ৩০ জন ক্রু সদস্য সোমবার সন্ধ্যায় জাহাজটি নিয়ে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হবেন, সেখানে পৌঁছানোর পর জাহাজটি সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হবে।
কোভিড-১৯ মহামারির তিক্ত অভিজ্ঞতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক থাকলেও স্বাস্থ্য কর্মকর্তারা শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি বিভাগের ব্যবস্থাপনা পরিচালক মারিয়া ভ্যান কেরখোভ বলেন, "এটি করোনাভাইরাস নয়, এটি সম্পূর্ণ ভিন্ন একটি ভাইরাস। মানুষ ছয় বছর আগে যে পরিস্থিতির মধ্যে ছিল, এটি মোটেও তেমন কিছু নয়।"
যুক্তরাষ্ট্রের সিডিসি (CDC) এবং স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ও জানিয়েছে, এই ভাইরাসটি কোভিডের তুলনায় অনেক কম সংক্রামক এবং সাধারণ মানুষের জন্য এর ঝুঁকি খুবই নগণ্য। প্রমোদতরীটিতে কোনো ইঁদুরের অস্তিত্বও পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
জান্নাত/সকালবেলা
|