প্রত্যেক নাগরিককে মাথায় রেখে বাজেট হচ্ছে : অর্থমন্ত্রী
অনলাইন ডেস্ক: দেশের বর্তমান ভঙ্গুর অর্থনীতি এবং বিপুল ঋণের বোঝার মধ্যেও প্রতিটি মানুষকে মাথায় রেখে আগামী বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, “বাজেট ভালো হবে। আমাদের এখন খারাপ সময়, ভঙ্গুর অর্থনীতি। তার মধ্যেও আমরা চেষ্টা করেছি বাংলাদেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করতে। ইনশা আল্লাহ, সবাইকে মাথায় রেখেই এবারের বাজেট দেওয়া হবে।”
বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবদিক থেকেই দেশের অর্থনীতির অবস্থা এখন খুবই খারাপ। এই চরম সংকটের মধ্যেই আমরা দেশের দায়িত্ব নিয়েছি। তারপরও আমরা এমনভাবে বাজেট প্রণয়নের চেষ্টা করছি যেন এই অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত হয় এবং এর সুফল দেশের প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছায়।
বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, “আমরা খুব একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আছি। তবে বিগত সরকারগুলোর তুলনায় আশা করি এটি একটি ভালো শুরু হবে। আমাদের একটু সময় দিতে হবে। শুরুটা ভালো হলে এখান থেকে আমরা সামনের দিকে সফলভাবে এগিয়ে যেতে পারব।”
গত দুই বছরের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশে বিনিয়োগ শূন্যের কোঠায় ছিল উল্লেখ করে নতুন সরকারের তিন মাসে বিনিয়োগের আশ্বাসের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে অর্থমন্ত্রী বলেন, “আগামী দিনে বাংলাদেশের অর্থনীতি হবে বিনিয়োগভিত্তিক অর্থনীতি। আগে টাকা ছাপিয়ে এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশকে একটি ঋণাত্মক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের বাজেটের একটি বিরাট অংশই চলে যায় এই ঋণের সুদ পরিশোধে।”
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, যে অর্থনীতি বাংলাদেশের মানুষের ও জনগণের স্বার্থ সংরক্ষণ করতে পারবে, আমরা সেই চেষ্টাই করছি। আমরা ট্রিলিয়ন ডলার ইকোনমির (এক লাখ কোটি ডলারের অর্থনীতি) দিকে যাওয়ার যে উন্নয়নের স্বপ্ন দেখছি, তা যেন বাস্তবায়ন হতে পারে, বাজেটে সেই লক্ষ্যই রাখা হচ্ছে।
|