হরমুজ: যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত থাকতে ‘টেলিফোন হটলাইন’ করছে ইরান

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ণ
হরমুজ: যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত থাকতে ‘টেলিফোন হটলাইন’ করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালি নিয়ে যেকোনো ধরনের ‘ভুল বোঝাবুঝি’ এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি টেলিফোন হটলাইন নেটওয়ার্ক স্থাপনে সম্মতি দিয়েছে ইরান। দেশটির প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ-কে (ইরনা) দেওয়া এক সাক্ষাৎকারে ঘালিবাফ বলেন, “হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। চুক্তির শর্ত অনুযায়ী, এখন থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে হরমুজ প্রণালি ব্যবস্থাপনার কাজটি করা হবে এবং এ লক্ষ্যে একটি টেলিফোন হটলাইন ও একটি সেন্টার স্থাপন করা হবে; যাতে হরমুজে কোনো জাহাজ কোনো প্রকার সমস্যার মুখে পড়লে দ্রুত হটলাইন সেন্টারে যোগাযোগ করতে পারে।”

সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা সেরে দেশে ফেরার পথে বিমানে তিনি এই সাক্ষাৎকার দেন। ঘালিবাফ জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় এখন থেকে প্রণালীটির প্রশাসন ও নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ইরানি ব্যবস্থাপনায় পরিচালিত হবে এবং এটি “আর কখনো যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না।”

উল্লেখ্য, পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। বিশ্বের মোট জ্বালানিপণ্যের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে কঠোর অবরোধ জারি করেছিল ইরান। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র সরবরাহ সংকট দেখা দেয় এবং হু হু করে তেলের দাম বাড়তে থাকে। তবে গত ১৮ জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদে শান্তিচুক্তি স্বাক্ষরের পর হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়।

সাক্ষাৎকারে ঘালিবাফ আরও বলেন, “ইরান প্রতিশ্রুতি দিচ্ছে যে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক আইন যথাযথভাবে প্রয়োগ করবে এবং যেকোনো সমস্যা বা ভুল বোঝাবুঝি সমাধানে দ্রুত পদক্ষেপ নেবে।” প্রস্তাবিত হটলাইনটি হরমুজে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ও স্বাভাবিক নৌযান চলাচল নিশ্চিত করতে সাহায্য করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন