ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক
নিজস্ব প্রতিবেদক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ব্রাজিলের জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া চ্যালেঞ্জ পূরণ করে মাথা ন্যাড়া করেছেন আর্জেন্টিনা দলের এক সমর্থক।
শনিবার (২০ জুন) সকালে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। ম্যাচ শেষ হওয়ার পরই নিজের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মাথা ন্যাড়া করেন ফয়সাল আহমেদ জুম্মান (২৩)। পরে আর্জেন্টিনার জার্সি পরেই তিনি এলাকায় ঘুরে বেড়ান।
এর আগে শুক্রবার সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ফয়সাল ঘোষণা দিয়েছিলেন, হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করে এলাকায় ঘুরবেন।
ফয়সাল জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাধুরপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে পরিচিত।
মাথা ন্যাড়া করার সময় ঘটনাটি দেখতে স্থানীয় ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষের ভিড় জমে। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। পরে সেগুলো ব্যাপকভাবে শেয়ার হলে বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
স্থানীয়দের ভাষ্য, বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের মধ্যে এমন বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা ফুটবলপ্রেমেরই বহিঃপ্রকাশ। ফয়সালের এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় আনন্দ ও কৌতূহলের সৃষ্টি করেছে।
চ্যালেঞ্জ পূরণের পর ফয়সাল আহমেদ জুম্মান বলেন, “খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি মজা করেই এই চ্যালেঞ্জ দিয়েছিলাম। ব্রাজিল জিতেছে, তাই কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছি। প্রতিশ্রুতি দিলে তা রাখতে হয়।”
|