ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আহমেদ লিওন, ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ছনিয়া বেগম (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছনিয়া ওই এলাকার প্রবাসী রিপন হাওলাদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ছনিয়া বেগম নিজ বসতঘরে জানালার গ্রিলের সাথে ফাঁস নেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যরা ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ভাঙ্গা থানা পুলিশ আরও জানায়, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা
|